ও তোর নাম শুনিয়ারে - জসীম উদ্‌দীন---পদ্মাপার 

ও তোর নাম শুনিয়ারে,

ও তোর রূপ দেখিয়ারে,

ও তোর ডাক শুনিয়ারে,

ও তোর ভাব জানিয়ারে,

সোনা, আমার মন ত

না রয় ঘরেরে।



সাগরে উঠিয়া ঢেউ কূলে আইসা পড়ে,

কূল নাই, কিনারা নাই কুল-কলঙ্কিনীর তরে;

কান্দিয়া কান্দাব বন্ধু! এমন দোসর নাই,

আমি সাজায়ে ব্যথার চিতা নিজ হাতে জ্বালাইরে।



তুমিত জানিতে বন্ধু প্রেমের কত জ্বালা,

তবে কেন পরিলে গলে আমার ফুলের মালা;

তবে কেন কদম্বতলে বাঁশরী বাজালে,

কিবা অপরাধে বন্ধু, অবলা বধিলে।