আমার মাঝে তোমার লীলা হবে  - রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মাঝে তোমার লীলা হবে,

তাই তো আমি এসেছি এই ভবে।

এই ঘরে সব খুলে যাবে দ্বার,

ঘুচে যাবে সকল অহংকার,

আনন্দময় তোমার এ সংসার

আমার কিছু আর বাকি না রবে।



মরে গিয়ে বাঁচব আমি, তবে

আমার মাঝে তোমার লীলা হবে।

সব বাসনা যাবে আমার থেমে

মিলে গিয়ে তোমারি এক প্রেমে,

দুঃখসুখের বিচিত্র জীবনে

তুমি ছাড়া আর কিছু না রবে।







৭ শ্রাবণ ১৩১৭

কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি

রচনা সংখ্যাঃ ১৩০