খিচুড়ি  - সুকুমার রায়

হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানি না),

হয়ে গেল 'হাঁসজারু' কেমনে তা জানি না ৷

বক কহে কচ্ছপে—'বাহবা কি ফুর্তি !

অতি খাসা আমাদের 'বকচ্ছপ মূর্তি' ৷'

টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা—

পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ?

ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,

চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি !

জিরাফের সাধ নাই মাঠে–ঘাটে ঘুরিতে,

ফড়িঙের ঢং ধরি সেও চায় উড়িতে ৷

গরু বলে, 'আমারেও ধরিল কি ও রোগে ?

মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে ?'

'হাতিমি'র দশা দেখ–তিমি ভাবে জলে যাই

হাতি বলে, 'এই বেলা জঙ্গলে চল ভাই ৷'

সিংহের শিং নাই এই বড় কষ্ট—

হরিণের সাথে মিলে শিং হল পষ্ট ৷