গল্প বলা  - সুকুমার রায়

'এক যে রাজা'–'থাম্ না দাদা,

রাজা নয় সে, রাজ পেয়াদা৷'

'তার যে মাতুল'–'মাতুল কি সে?—

সবাই জানে সে তার পিশে৷'

'তার ছিল এক ছাগল ছানা'—

'ছাগলের কি গজায় ডানা?'

'একদিন তার ছাতের 'পরে'—

'ছাত কোথা হে টিনের ঘরে?'

'বাগানের এক উড়ে মালী'—

'মালী নয়তো! মেহের আলী৷'

'মনের সাধে গাইছে বেহাগ'—

'বেহাগ তো নয়! বসন্ত রাগ৷'



'থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি'—

'আচ্ছা বল, চুপ করেছি৷'

'এমন সময় বিছনা ছেড়ে,

হঠাৎ মামা আস্‌ল তেড়ে,

ধর্‌ল সে তার ঝুঁটির গোড়া'—

'কোথায় ঝুঁটি? টাক যে ভরা৷'

'হোক না টেকো তোর তাতে কি?

লক্ষীছাড়া মুখ্যু ঢেঁকি!

ধর্‌ব ঠেসে টুঁটির 'পরে,

পিটব তোমার মুণ্ড ধ'রে—

কথার উপর কেবল কথা,

এখন বাপু পালাও কোথা?'