বিচার  - সুকুমার রায়

ইঁদুর দেখে মাম্‌দো কুকুর বল্‌লে তেড়ে হেঁকে-

'বলব কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে।

আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা,

আয় না খেলি দুইজনাতে মোকদ্দমা খেলা ।

তুই হবি চোর তোর নামেতে করব নালিশ রুজু'-

'জজ্ কে হবে?' বল্লে ইঁদুর ,বিষম ভয়ে জুজু,

'কোথায় উকিল প্যায়দা পুলিশ , বিচার কিসে হবে?'

মাম্‌দো বলে 'তাও জানিসনে ? শোন বলে দেই তবে!

আমিই হব উকিল হাকিম , আমিই হব জুরি,

কান ধরে তোর বলব ব্যাটা, ফের করেছিস চুরি?

সটান দেব ফাসির হুকুম অমনি একেবারে-

বুঝবি তখন চোর বাছাধন বিচার বলে কারে।'