সঙ্গীহারা  - সুকুমার রায়

সবাই নাচে ফূর্তি করে সবাই করে গান,

একলা বসে হাঁড়িচাঁচার মুখটি কেন ম্লান ?

দেখ্‌ছ নাকি আমার সাথে সবাই করে আড়ি-

তাইত আমার মেজাজ খ্যাপা মুখটি এমন হাঁড়ি ।

তাও কি হয় ! ঐ যে মাঠে শালিখ পাখি ডাকে

তার কাছে কৈ যাওনিকো ভাই শুধাওনিতো তাকে !

শালিখ পাখি বেজায় ঠ্যাঁটা চেঁচায় মিছিমিছি,

হল্লা শুনে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি ।

মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ

তার কাছে কৈ বস্‌লে নাতো শুনলে না তার গান ।

দোয়েল পাখির ঘ্যান্‌ঘ্যানানি আর কি লাগে ভালো ?

যেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো ।

রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে,

অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে ?

মাছরাঙা ? তারেও কি আর পাখির মধ্যে ধরি

রকম সকম সঙের মতন, দেমাক দেখে মরি ।

পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি

কারে তোমার পছন্দ হয়, সেই কথাটি শুনি !

এই গুলো সব ছ্যাবলা পাখি নেহাৎ ছোট জাত-

দেখলে আমি তফাৎ হাটি অমনি পঁচিশ হাত ।

এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে-

সবার তুমি খুঁৎ পেয়েছ নিখুঁৎ কেবল নিজে !

মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা

তাইতে তোমায় কেউ পোঁছে না তাইতে থাক একা ।