ট্রেন - শামসুর রাহমান---সংকলিত (শামসুর রাহমান) 

ঝক ঝক ঝক ট্রেন চলেছে

          রাত দুপুরে অই।

ট্রেন চলেছে, ট্রেন চলেছে

         ট্রেনের বাড়ি কই ?



একটু জিরোয়, ফের ছুটে যায়

         মাঠ পেরুলেই বন।

পুলের ওপর বাজনা বাজে

         ঝন ঝনাঝন ঝন।



দেশ-বিদেশে বেড়ায় ঘুরে

         নেইকো ঘোরার শেষ।

ইচ্ছে হলেই বাজায় বাঁশি,

         দিন কেটে যায় বেশ।



থামবে হঠাৎ মজার গাড়ি

        একটু কেশে খক।

আমায় নিয়ে ছুটবে আবার

        ঝক ঝকাঝক ঝক।.