বউ - নির্মলেন্দু গুণ---অচল পদাবলী 

কে কবে বলেছে হবে না? হবে,বউ থেকে হবে ।

একদিন আমিও বলেছিঃ 'ওসবে হবে না ।'

বাজে কথা। আজ বলি, হবে, বউ থেকে হবে ।

বউ থেকে হয় মানুষের পুনর্জন্ম, মাটি,লোহা,

সোনার কবিতা, ---কী সে নয়?



গোলাপ, শেফালি, যুঁই, ভোরের আকাশে প্রজাপতি,

ভালোবাসা, ভাগ্য, ভাড়াবাড়ি ইতিপূর্বে এভাবে মিশেনি ।

ছড়িয়ে ছিটিয়ে ছিল, দুইজন্ম এবার মিশেছে, দেখা যাক ।



হতচ্ছাড়া ব্যর্থ প্রেম, গাঁজা, মদ, নৈঃসঙ্গ আমার

ভালোবেসে হে তরুণ, তোমাকে দিলাম, তুমি নাও ।

যদি কোনদিন বড় কবি হও, আমার সাফল্য

কতদূর একদিন তুমি তা বুঝিবে ।



আমি কতো ভালোবাসা দু'পায়ে মাড়িয়ে অবশেষে,

কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে ।

আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে ।



তার শয্যাপাশে আমার হয়েছে স্থান, মুখোমুখি,

অনায়াসে আমি তা বলি না, বলে যারা জানে দূর থেকে ।

আমি কাছে থেকে জানি, বিনিময়ে আমাকে হয়েছে দিতে

জীবনের নানা মূল্যে কেনা বিশ্বখানি, তার হাতে তুলে ।

অনায়াসে আমিও পারিনি । ক্রমে ক্রমে, বিভিন্ন কিস্তিতে

আমি তা দিয়েছি, ফুলে ফুলে ভালোবেসে যেভাবে প্রেমিক ।



প্রথমে আত্মার দ্যুতি, তারপর তাকে ঘিরে মুগ্ধ আনাগোনা ।

স্বর্গের সাজানো বাগানে পদস্পর্শে জ্বলে গেছি দূরে, তারপর

পেয়েছি বিশ্রাম । আজ রাত সম্পর্কের ভিতরে এসেছি ।



সবাই মিলবে এসে মৌন-মিহি শিল্পে অতঃপর,

তোমার প্রদত্ত দানে পূর্ণ হবে পৃথিবী আমার ।