ইতালি - মাইকেল মধুসূদন দত্ত---সংকলিত (মাইকেল মধুসূদন দত্ত) 

ইতালি, বিখ্যাত দেশ, কাব্যের কানন,

বহুবিধ পিক যথা গায় মধুস্বরে,

সঙ্গীত‐সুধার রস করি বরিষণ,

বাসন্ত আমোদে আমোদ মন পূরি নিরন্তরে;—

সে দেশে জনম পূর্বে করিলা গ্রহণ

ফ্রাঞ্চিস্কো পেতরাকা কবি; বাক্‌‍দেবীর বরে

বড়ই যশস্বী সাধু, কবি‐কুল‐ধন,

রসনা অমৃতে সিক্ত, স্বর্ণ বীণা করে।

কাব্যের খনিতে পেয়ে এই ক্ষুদ্র মণি,

স্বমন্দিরে প্রদানিলা বাণীর চরণে

কবীন্দ্র: প্রসন্নভাবে গ্রহিলা জননী

(মনোনীত বর দিয়া) এ উপকরণে।

ভারতে ভারতী‐পদ উপযুক্ত গণি,

উপহাররূপে আজি অরপি রতনে॥