মিত্রাক্ষর - মাইকেল মধুসূদন দত্ত---সংকলিত (মাইকেল মধুসূদন দত্ত) 

বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে,

লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগে

মিত্রাক্ষররূপ বেড়ি ! কত ব্যথা লাগে

পর’ যবে এ নিগড় কোমল চরণে–

স্মরিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগে

ছিল না কি ভাবধন, কহ, লো ললনে,

মনের ভাণ্ডারে তার, যে মিথ্যা সোহাগে

ভুলাতে তোমারে দিল এ তুচ্ছ ভূষণে ?

কি কাজ রঞ্জনে রাঙি কমলের দলে ?

নিজরূপে শশিকলা উজ্জ্বল আকাশে !

কি কাজ পবিত্রি’ মন্ত্রে জাহ্নবীর জলে ?

কি কাজ সুগন্ধ ঢালি পারিজাত-বাসে ?

প্রকৃত কবিতা রূপী কবিতার বলে,–

চীন-নারী-সম পদ কেন লৌহ ফাঁসে ?