উপক্রম - মাইকেল মধুসূদন দত্ত---সংকলিত (মাইকেল মধুসূদন দত্ত) 

যথাবিধি বন্দি কবি, আনন্দে আসরে,

কহে, জোড় করি কর, গৌড় সুভাজনে;—

সেই আমি, ডুবি পূর্বে ভারত‐সাগরে,

তুলিল যে তিলোত্তমা‐মুকুতা যৌবনে;—

কবি‐গুরু বাল্মীকির প্রসাদে তৎপরে,

গম্ভীরে বাজায়ে বীণা, গাইল, কেমনে,

নাশিলা সুমিত্রা‐পুত্র, লঙ্কার সমরে,

দেব‐দৈত্য‐নরাতঙ্ক— রক্ষেন্দ্র‐নন্দনে;

কল্পনা দূতীর সাথে ভ্রমি ব্রজ‐ধামে

শুনিল যে গোপিনীর হাহাকার ধ্বনি,

(বিরহে বিহ্বলা বালা হারা হয়ে শ্যামে;)—

বিরহ‐লেখন পরে লিখিল লেখনী

যার, বীর জায়া‐পক্ষে বীর পতি‐গ্রামে,

সেই আমি, শুন, যত গৌড়‐চূড়ামণি!—



ইতালি, বিখ্যাত দেশ, কাব্যের কানন,

বহুবিধ পিক যথা গায় মধুস্বরে,

সঙ্গীত-সুধার রস করি বরিষণ,

বাসন্ত আমোদে আমোদ মন পূরি নিরন্তরে;—

সে দেশে জনম পূর্বে করিলা গ্রহণ

ফ্রাঞ্চিস্কো পেতরাকা কবি; বাক্দেবীর বরে

বড়ই যশস্বী সাধু, কবি-কুল-ধন,

রসনা অমৃতে সিক্ত, স্বর্ণ বীণা করে।

কাব্যের খনিতে পেয়ে এই ক্ষুদ্র মণি,

স্বমন্দিরে প্রদানিলা বাণীর চরণে

কবীন্দ্র: প্রসন্নভাবে গ্রহিলা জননী

(মনোনীত বর দিয়া) এ উপকরণে।

ভারতে ভারতী-পদ উপযুক্ত গণি,

উপহাররূপে আজি অরপি রতনে॥