কে  - রবীন্দ্রনাথ ঠাকুর

আমার প্রাণের 'পরে চলে গেল কে

বসন্তের বাতাসটুকুর মতো !

সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে,

ফুল ফুটিয়ে গেল শত শত ।



সে চলে গেল , বলে গেল না ,

সে কোথায় গেল ফিরে এল না ,

সে যেতে যেতে চেয়ে গেল ,

কী যেন গেয়ে গেল--

তাই আপন মনে বসে আছি

কুসুম-বনেতে ।



সে ঢেউয়ের মতো ভেসে গেছে ,

চঁদের আলোর দেশে গেছে ,

যেখান দিয়ে হেসে গেছে

হাসি তার রেখে গেছে রে ।

মনে হল আঁখির কোণে

আমায় যেন ডেকে গেছে সে ।

আমি কোথায় যাব কোথায় যাব ,

ভাবতেছি তাই একলা বসে ।



সে চাঁদের চোখে বুলিয়ে গেল

ঘুমের ঘোর ।

সে প্রাণের কোথা দুলিয়ে গেল

ফুলের ডোর ।

সে কুসুম-বনের উপর দিয়ে

কী কথা যে বলে গেল ,

ফুলের গন্ধ পাগল হয়ে

সঙ্গে তারি চলে গেল ।

হৃদয় আমার আকুল হল ,

নয়ন আমার মুদে এল ,

কোথা দিয়ে কোথায় গেল সে!