অ - সুনীল গঙ্গোপাধ্যায়---সোনার মুকুট থেকে 

কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে

তবু ভালো, শোনার মতন কেউ নেই

সকলেই ঘোর অমাবস্যা দেখতে গিয়েছে সমুদ্রে

মনীশেরও পোশাকের মধ্যে আছে অতিশয় শশব্যন্ত অ-মনীশ

তার বন্ধু অ-সিদ্ধার্থ, অ-লাবণ্য এরাও গিয়েছে



কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে-



অ-ভালোবাসায় মগ্ন ওরা সব,

সকলেই এক হয়ে আছে

ও ওর মুখের দিকে চেয়ে দেখে বাকিটুকু চুনকাম হয়

ঘরবাড়ি ভেঙেচুরে সর্বস্ব নতুন

অ-ব্যবহৃত ক্রেন অ-মানুষ হয়ে উঁকি মারে



কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরন ভেঙে?-

মনীশ, মনীশ এসো, টেলিফোন, দূর থেকে কেউ…

অ-মনীশ ছুটে এলো,

কার জন্য? আমার নয়!

অ-লেখা চিঠিও ফিরে যায়, যে-রকম অ-দেখা স্বপ্নের বর্ণচ্ছট

ও আমার নয়, এই অ-সময় কেউ ডকবে না

বস’ত ঘুমই হয়নি কয়েক রাত, অতি দ্রুত চলছে মেরামত

কালই একটা কিছু হবে। সকালেই তৈরি থাকো,

তৈরি হও, কাল

আগামী কালের জন্য অপেক্ষায় আছে এই

জীবনের অ-বিপুল অ-পূর্ণতা

অ-মনীশ গেছে তার অ-বন্ধু ও অ-বান্ধবী

সকলের কাছে

কে যেন মনীশকে ডাকলো, মনীশের জাগরণ ভেঙে?

ও আমার নয় এই অ-সময়ে কেউ ডাকবে না।।