মিথ্যে নয় - সুনীল গঙ্গোপাধ্যায়---সোনার মুকুট থেকে 

কবিতার সার কথা সত্য, অথচ কবিরা সব

মিথ্যুকের একশেষ নয়?

নীরার গলায় আমি কতবার দুলিয়েছি উপমার মণিহার

ভোরবেলা

নীরার দু’হাতে আমি তুলে দিই

শিশির মাখানো সাদা ফুল

ফলগুলি যাদু-সরঞ্জাম যেন

হঠাৎ অদৃশ্য হতে জানে

কতকাল ফুল ছুঁইনি, আঙুল পোড়ায় সিগারেট!

বিশুদ্ধ পোষাক-পরা আমি এক ফুলবাবু

সন্ধেবেলা ফুরফুর বাতাসে

বন্ধুবান্ধবের সঙ্গে মেতে থাকি তর্কে ও উল্লাসে।

সেই আমি মধ্যরাতে কবিতার খাতা খুলে

নির্জন নদীর ধরে একাকী পথিক

হাত দুটি যুক্তি-ছেঁড়া রূপের কাঙাল।

আমার কাঙালপনা দুর্লভ দু’একদিন

নীরাকেও করে তোলে

কিছু দয়াবতী

তীর্থের পুণ্যের মতো সামান্য লাবণ্য ছুঁয়ে দেয়

তীর্থের পূণ্যের মতো? তার চেয়ে কম কিংবা

বেশী নয়? 

রত্ন-সিংহাসন আমি এ জন্মে দেখিনি একটাও

তবুও নারীর জন্য বৈদুর্যমণির সিংহাসন আমি

পেতে রাখি 

যদি সে কখনো আসে, সেখানে সে বসবে না

জলে-ভেজা একটি পা 

শুধু তুলে দেবে!

মিথ্যে নয়,

নীরা তুমি দেখো, সে রকমই সাজানো রয়েছে।।