পরানের গহীর ভিতর-১ - সৈয়দ শামসুল হক---পরানের গহীর ভিতর 

জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক,

চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর,

মানুষ বেকুব চুপ,হাটবারে সকলে দেখুক

কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর ৷

চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,

বুকের ভিতর থিকা পিরীতের পূর্ণিমার চান,

নিজেই তাজ্জব তুমি – একদিকে যাইবার চাও

অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান৷

সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না,

খেলা যে দেখায় তার দ্যাখানের ইচ্ছায় দেখায়,

ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না,

সোনার মোহর তার পড়া থাকে পথের ধূলায় ৷

এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর

যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর ৷