তোমাকে অভিবাদন, বাংলাদেশ - সৈয়দ শামসুল হক---সংকলিত (সৈয়দ শামসুল হক) 

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার মানচিত্রের ভেতরে

              যার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তেরো শো নদীর ধারা ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার করতলে পাঙরাটির বুকে

              যার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার বৃষ্টিভেজা খড়ের কুটিরে

              যার ছায়ায় কত দীর্ঘ অপেক্ষায় আছে সন্তান এবং স্বপ্ন ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার তোমার নৌকার গলুইয়ে

              যার গ্রীবা এখন ভবিষ্যতের দিকে কেটে চলেছে স্রোত ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার মাছধরা জালের ভেতরে

              যেখানে লেজে মারছে বাড়ি একটা রুপালী চিতল ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার হালের লাঙলের ভতরে

              যার ফাল এখন চিরে চলেছে পৌষের নবান্নের দিকে ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার নেহাই ও হাতুড়ির সংঘর্ষের ভতরে

              যার একেকটি স্ফুলিঙ্গে এখন আগুন ধরছে অন্ধকারে ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার কবিতার উচ্চারণে

              যার প্রতিটি শব্দ এখন হয়ে উঠছে বল্লমের রুপালী ফলা ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার দোতারার টান টান তারের ভেতরে

              যার প্রতিটি টঙ্কার এখন ইতিহাসকে ধ্বনি করছে ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার লাল সূর্য্ আঁকা পতাকার ভেতরে

              যার আলোয় এখন রঞ্জিত হয়ে উঠছে সাহসী বদ্বীপ ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার অনাহারী শিশুটির কাছে

              যার মুঠোর ভেতরে এখন একটি ধানের বীজ ;

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,

              তুমি ফিরে এসেছ তোমার প্লাবনের পর কোমল পলিমাটিতে

              যেখানে এখন অনবরত পড়ছে কোটি কোটি পায়ের ছাপ ।